শেয়ারবাজারের পরিধি বাড়ানো ও বিনিয়োগ আকৃষ্টে ১৯টি ডিজিটাল বুথের অনুমোদন

২ আগষ্ট, ২০২১ ১৩:৫৬  
শেয়ারবাজারের পরিধি বাড়ানো ও বিনিয়োগ আকৃষ্টে দেশের অভ্যন্তরে এবং বিদেশে ‘ডিজিটাল বুথ’ খোলার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। তারই ধারাহিকতায় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে, সক্ষমতা যাচাই সাপেক্ষে দেশে ও বিদেশে ডিজিটাল বুথ খোলার অনুমোদন দেওয়া হচ্ছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্যভুক্ত ৭টি ব্রোকারেজ হাউজকে এ পর্যন্ত মোট ১৯টি ডিজিটাল বুথ খোলার অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে বিদেশে ২টি ও দেশের অভ্যন্তরে ১৭টি ডিজিটাল বুথ রয়েছে বলে বিএসইসি জানিয়েছে। ডিজিটাল বুথ খোলার অনুমোদন পাওয়া ব্রোকারেজ হাউজগুলো হলো— ইউসিবি স্টক ব্রোকারেজ, আইল্যান্ড সিকিউরিটিজ, পদ্মা ব্যাংক সিকিউরিটিজ, বি রিচ, কবির সিকিউরিটিজ, রয়েল ক্যাপিটাল ও গ্রিন ডেলটা সিকিউরিটিজ। বিএসইসি ও বাজার সংশ্লিষ্টদের মতে, ডিজিটাল বুথ খোলার ফলে স্থানীয়, প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা দেশের শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহ বাড়বে।শেয়ারবাজার সম্পর্কে তৃণমূলের মানুষ জানবে। সেই সঙ্গে এই খাতে বিনিয়োগেও মানুষ উৎসাহিত হবে। এছাড়া দেশের শেয়ারবাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি পাবে। সর্বোপরি নিবাসী ও প্রবাসী বিনিয়োগকারীদের বিনিয়োগ বাড়লে শেয়ারবাজার আরও উন্নত হবে। অনুমোদন পাওয়া ডিজিটাল বুথগুলোর মধ্যে আইল্যান্ড সিকিউরিটিজ ৮টি, ইউসিবি স্টক ব্রোকারেজ ৩টি, বি রিচ ৩টি, কবির সিকিউরিটিজ ২টি, রয়েল ক্যাপিটাল ১টি, গ্রিনডেল্টা সিকিউরিটিজ ১টি ও পদ্মা ব্যাংক সিকিউরিটিজ ১টি ডিজিটাল বুথ খোলার অনুমতি পেয়েছে। অনুমোদন পাওয়া এসব ডিজিটাল বুথগুলোর মধ্যে চালু হয়েছে ১০টি। বাকিগুলো চালু হওয়ার অপেক্ষায় রয়েছে।